২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিএনপির দ. জেলা আহবায়ক কমিটি বাতিলের আলটিমেটাম

বিএনপির নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক কমিটি বাতিল করে ৭২ ঘন্টার মধ্যে নতুন কমিটি গঠনের জন্য চুড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন বিক্ষুব্ধ একটি অংশের নেতা-কর্মীরা। অন্যথায় নতুন কমিটিকে প্রতিহত করাসহ কঠোর আন্দোলনেরও হুমকি দিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 02:30 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

চট্টগ্রাম, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপির নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক কমিটি বাতিল করে ৭২ ঘন্টার মধ্যে নতুন কমিটি গঠনের জন্য চুড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন বিক্ষুব্ধ একটি অংশের নেতা-কর্মীরা। অন্যথায় নতুন কমিটিকে প্রতিহত করাসহ কঠোর আন্দোলনেরও হুমকি দিয়েছেন তারা। নগরীর চাঁন্দগাঁও আবাসিক এলাকায় শুক্রবার সকালে বিক্ষুব্ধ একটি অংশের নেতা এম এ হাশেমের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতারা নতুন কমিটি প্রত্যাখানেরও ঘোষণা দেন। বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান ও বিক্ষুব্ধ নেতা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের ত্যাগী নেতাদের অন্তর্ভূক্ত করে নতুন কমিটি গঠনের জন্য তারা দলের চেয়ারপার্সনের প্রতি আহবান জানান। সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মুজিবুর রহমান স্বাক্ষরিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ত্যাগী নেতাদের বাদ দিয়ে ৫১ সদস্যের আহবায়ক কমিটিতে এলডিপি ও আওয়ামী লীগের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তিদের সদস্য করা হয়েছে। এতে দলের জন্য বিপর্যয় দেখা দেবে। বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, ১/১১-এর পর যারা দল ছেড়ে আত্মগোপন ও দল ভাঙার ষড়যন্ত্র করেছিল তারাই আহবায়ক কমিটিতে স্থান পেয়েছে। আর দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে বিএনপির কর্মকাণ্ড পরিচালনা করেছে তাদের কমিটিতে রাখা হয়নি। এ সিদ্ধান্ত দলের জন্য শুভ ফল বয়ে আনবে না উল্লেখ করে তারা অবিলম্বে দক্ষিণ জেলা বিএনপি পুনর্গঠন করে ত্যাগী নেতাদের আহবায়ক কমিটিতে স্থান দেওয়ার আহবান জানান। বৈঠকে পটিয়া উপজেলা বিএনপির সভাপতি সাইফুদ্দিন খালেদ বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল মোনাফ, পৌরসভার আহবায়ক নূরুল ইসলাম সওদাগর, আনোয়ারা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম মাস্টার, সাতকানিয়া উপজেলা আহবায়ক মঈনুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমানসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিএনপি নেতারা বক্তব্য রাখেন। দক্ষিণ জেলার আহবায়ক কমিটি নিয়ে বিক্ষুব্ধ কয়েকটি অংশ গত কয়েকদিন ধরে পৃথক পৃথক সভায় তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছে। এর মধ্যে একটি অংশ গত সপ্তাহে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কমিটি পুনর্গঠনেরও দাবি জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিআর/২০৩৪ ঘ.