ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দূতাবাসগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
বৃহস্পতিবার 'প্রথম অনাবাসী বাংলাদেশী মানব সম্পদ উন্নয়ন ও সম্ভাবনা সম্মেলন-২০০৯' এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, "তাদের (প্রবাসীদের) কষ্টার্জিত রেমিটেন্স আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অর্থ সঠিকভাবে উৎপাদনশীল খাতে কাজে লাগিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে।"
প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করতে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জিল্লুর রহমান বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও তথ্য-প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করে জনসম্পদে পরিণত করতে হবে। কেবল সাধারণ শ্রমিক হিসেবেই নয় বরং মেধাবী ও দক্ষ প্রকৌশলী, চিকিৎসক, অধ্যাপক, তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ বা থিঙ্কট্যাঙ্ক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, দেশের উন্নয়নে আমাদের বিপুল জনসংখ্যাকে প্রশিক্ষণ দিয়ে সম্পদে পরিণত করার কোনো বিকল্প নেই।
তিনি এ ধরনের একটি সম্মেলন করে প্রবাসীদের নানাবিধ সমস্যা তুলে ধরার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ সম্মেলনকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেন, "সরকার প্রবাসীদের কল্যাণে প্রতিশ্র"তিবদ্ধ।"
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের কথা উল্লেখ করে বলেন, "আজকে (বৃহস্পতিবার) পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৭ কোটি মার্কিন ডলার। আর এর বেশিরভাগই প্রবাসীদের পাঠানো অর্থ।"
এ প্রসঙ্গে তিনি বলেন, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে। এ কারণেই প্রবাসীরা রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করছে।
'জাতি গঠনে নতুন উপায়' বের করাই মানব সম্পদ উন্নয়ন বিষয়ক এই তিনদিনের সম্মেলনের মূল উদ্দেশ্য বলে জানান স্কলারর্স বাংলাদেশের চেয়ারম্যান এম ই চৌধুরী শামীম।
সম্মেলনের সমাপনী দিনে চারটি ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য চারজনকে পদকে ভূষিত করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এইচএ/২৩০০ ঘ.
bdnews24