ঠাকুরগাঁও, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়ণপুর নামক স্থানে বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
লাইনচ্যুত বগি উদ্ধারে দিনাজপুরের পাবর্তীপুর থেকে সন্ধ্যা পৌনে সাতটায় একটি উদ্ধারকারী ট্রেন ঠাকুরগাঁও পৌছেছে। উদ্ধার কাজ শেষ করতে রাত ১০টা থেকে ১২ হয়ে যাবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও স্টেশনের মাস্টার শামসুল হক।
তিনি জানান, সকাল ১১টার দিকে পার্বতীপুর থেকে আসা মেইল ট্রেন কাঞ্চন এক্সপ্রেসের চারটি বগি ঠাকুরগাঁও স্টেশন থেকে দুই কিলোমিটার দক্ষিণে হরিনায়ারণপুরে লাইনচ্যুত হয়।
ট্রেনের গতি কম থাকায় কোনো যাত্রী আহত হননি বলে তিনি জানান।
শামসুল হক জানান, রাতে উদ্ধার কাজ শেষ হলেও শুক্রবার সকালের আগে ট্রেন চলাচল স্বাভাবিক নাও হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৪ ঘ.
bdnews24