২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও তিনজনের মৃত্যু

খোদ রাজধানী শহরের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার ঝুঁকিটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে ২৪ ঘণ্টা পার না হতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও তিন জন মারা গেছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 11:43 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোদ রাজধানী শহরের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার ঝুঁকিটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে ২৪ ঘণ্টা পার না হতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও তিন জন মারা গেছে। বড় মগবাজার এলাকায় কাঁচাবাজারের সামনে বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন গৃহবধূ সাজেদা রাজ্জাক জলি (৪০) এবং তার বাড়ির গৃহকর্মী রিনা আক্তার (১০)। শ্যামপুরের কদমতলী এলাকায় মারা যান মোহাম্মদ রিপন নামে এক শ্রমিক। লালবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধবার দুজন মারা যান। জলি ও রিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। রমনা থানার উপ-পরিদর্শক মাছুদুর রহমান হাসপাতালে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে ছেলে রাইয়াদকে স্কুলে দিয়ে জলি কাঁচা বাজারে যাচ্ছিলেন। বাজারে প্রবেশ করার সময় ওপর থেকে একটি বিদ্যুতের তার খুলে পড়ে। তাকে বাঁচাতে রিনা এগিয়ে এলে উভয়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। নিহত সাজেদা রাজ্জাক জলির স্বামী পেশায় আইনজীবী নজরুল হুদা। তারা ৬৭৭ গাবতলা, বড় মগবাজারে ভাড়া থাকেন। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মেরাজনগর মহল্লার একটি বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনজন। এরা হলেন, মোহাম্মদ রিপন (২৮), শহীদ মিয়া (৫০) ও জহিরুল ইসলাম (২২)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা রিপনকে মৃত ঘোষণা করে বলে ওসি জানান। তিনি বলেন, "রিপনসহ অন্যরা ওই বাড়িতে গ্রিল বসানোর কাজ করছিলেন। বিদ্যুত লাইনে বিচ্যুতি এবং বৃষ্টির কারণে কোনোভাবে তারা তড়িতাহত হন।" শহীদ মিয়া ও জহিরুল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএমএ/এসকে/এমআই/১৭৫৩ ঘ.