ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি এলাকায় বুধবার রাতে পুলিশের গুলিতে এক কথিত সন্ত্রাসী নিহত ও আরেকজন আহত হয়েছে।
পুলিশ তাদের কাছ থেকে কয়েক রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করার দাবি করেছে। ঘটনার সময় 'সন্ত্রাসীদের' গুলিতে এক চা বিক্রেতা আহত হয়েছেন বলে পুলিশ জানায়।
নিহত সন্দেহভাজন সন্ত্রাসীর নাম রানা ওরফে আল আমিন (৩০)। আহত মো. মাসুদ (২৭) পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
আহত চা বিক্রেতা রাসেল মাহমুদ খান (২৫) কে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে স্থানীয় যুবলীগ নেতা আব্বাস উদ্দীন ওপর হামলা চালায় রানা, মাসুদসহ কয়েকজন সন্ত্রাসী। ওই সময় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চা বিক্রেতা রাসেলের গায়ে লাগে।
ইসমাইল বলেন, "সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় জনতা তাদের ধাওয়া করে। ওই সময় পুলিশও সন্ত্রাসীদের পিছু নেয়। এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। ওই সময় রানা ও মাসুদ গুলিবিদ্ধ হয়।"
বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রানার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা ইসমাইল জানান, যুবলীগ নেতা আব্বাসউদ্দীন এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় হত্যা প্রচেষ্টার মামলা করেছেন।
রাজধানীতে গত দু' মাসে এ নিয়ে পুলিশের গুলিতে তিনজন সন্দেহভাজন অপরাধী নিহত ও ২৪ জন আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/১৪০৭ ঘ.
bdnews24