ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোদ রাজধানী শহরের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার ঝুঁকিটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে ২৪ ঘণ্টা পার না হতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও দুই জন মারা গেছে।
বড় মগবাজার এলাকায় কাঁচাবাজারের সামনে বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন গৃহবধূ সাজেদা রাজ্জাক জলি (৪০) এবং তার বাড়ির গৃহকর্মী রিনা আক্তার (১০)।
জলি ও রিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপ-পরিদর্শক মাছুদুর রহমান হাসপাতালে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে ছেলে রাইয়াদকে স্কুলে দিয়ে জলি কাঁচা বাজারে যাচ্ছিলেন। বাজারে প্রবেশ করার সময় ওপর থেকে একটি বিদ্যুতের তার খুলে পড়ে। তাকে বাঁচাতে রিনা এগিয়ে এলে উভয়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।
নিহত সাজেদা রাজ্জাক জলির স্বামী পেশায় আইনজীবী নজরুল হুদা। তারা ৬৭৭ গাবতলা, বড় মগবাজারে ভাড়া থাকেন।
লালবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধবার দুজন মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/১২২৩ঘ.
bdnews24