গোপালগঞ্জ, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জ জেলার অভ্যন্তরীণ পাঁচটি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট বুধবার রাতে শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী খান আবু মিয়ার বাড়িতে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের আলোচনা শেষে রাত সাড়ে নয়টায় শর্ত সাপেক্ষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
কোটালীপাড়া উপজেলার কান্দি-পীড়ারবাড়ী সড়কে চলাচলকারী অবৈধ বাস প্রতাহারের দাবিতে মঙ্গলবার থেকে এ ধর্মঘট শুরু করে জেলা বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
বৈঠক শেষে গোপালগঞ্জ জেলা পরিবহন মালিক গ্র"পের সভাপতি ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোহাম্মদ আলী খান সম্মানিত লোক। তিনি গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে পরিচিত। সমস্যা সমাধানের জন্য তিনি আমাদের কাছে দু'দিন সময় চেয়েছেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।"
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দু'দিন গোপালগঞ্জ মালিক সমিতির কোন বাস কোটালীপাড়ায় চলবে না, আবার কোটালীপাড়া মালিক সমিতির কোন বাস গোপালগঞ্জে আসবে না বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/২২৫৭ ঘ.
bdnews24