২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজার হত্যায় গ্রেপ্তার চারজন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতে

কারওয়ান বাজার তিন হত্যা মামলায় গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার চারদিনের হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে ঢাকা মুখ্য মহানগর আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের রিমান্ডের আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 04:29 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কারওয়ান বাজার তিন হত্যা মামলায় গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার চারদিনের হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে ঢাকা মুখ্য মহানগর আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের রিমান্ডের আদেশ দেয়। এর আগে গ্রেপ্তার হওয়া দু'জনকে তিনদিনের আইনী হেফাজত শেষে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছে আদালত। এ নিয়ে কারওয়ান বাজার হত্যাকাণ্ডে মোট ছয়জনকে গ্রেপ্তার করলো পুলিশ। গত শুক্রবার দুপুরে কারওয়ান বাজারের ডিআইটি মার্কেটে সন্ত্রাসীদের গুলিতে তিনজন নিহত ও একজন আহত হন। হতাহতরা কারওয়ান বাজারের ব্যবসায়ী ও স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। তদন্ত কর্মকর্তা হিসেবে নতুন দায়িত্ব পাওয়া মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিয়াউর রহমান পলাতক অন্যান্য আসামীকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য বুধবার ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। মহানগর হাকিম মুহাম্মদ আব্দুর রহিম আসামীদের জামিন আবেদন নামঞ্জুর করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রিমান্ডে নেওয়া সন্দেহভাজনরা হলেন রকিবুল ইসলাম বাবু, সাকিব মিয়া, হেমায়েতউদ্দীন ও এমদাদুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জিএমএ/এসকে/২২৩৩ঘ.