২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় বাস ধর্মঘট ৮ জুলাই পর্যন্ত স্থগিত

পাঁচ দফা দাবিতে সম্মিলিত মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে দক্ষিণাঞ্চলের চারটি জেলায় বাস ধর্মঘট আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।(আরও তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দফা দাবিতে সম্মিলিত মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে দক্ষিণাঞ্চলের চারটি জেলায় বাস ধর্মঘট আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার রাতে বাগেরহাটের জেলা প্রশাসক মুয়াজ্জেম হোসাইনের কার্যালয়ে চার জেলার পরিবহন মালিক-শ্রমিক, বিআরটিসির প্রতিনিধি এবং পুলিশ কর্মকর্তাদের মধ্যে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয় হয়। বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু রাত সাড়ে নয়টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশাসনের পক্ষ থেকে আমাদের ৮ জুলাই যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছিলো। এ কারণে ওই বৈঠকের দিন পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে। বৈঠকের পর ধর্মঘট পুরোপুরি প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।" বুধবার রাত হয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে এ চার জেলার সব রুটে বাস চলাচল শুরু হবে বলেও জানান নজরুল ইসলাম। বাগেরহাটের পুলিশ সুপারিনটেনডেন্ট আওলাদ আলী ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিবহন নেতারা বৈঠক থেকে বের হয়ে নিজেদের মধ্যে আলোচনা শেষে ৮ জুলাই পর্যন্ত ধর্মঘট স্থগিতের খবর টেলিফোনে আমাদের জানিয়েছেন। বৃহস্পতিবার থেকে চার জেলায় আবার স্বাভাবিক বাস চলাচল শুরু হবে।" পরিবহন খাতের অনিয়ম দূর, নছিমন-করিমন ও মোটর সাইকেলে যাত্রী পরিবহন বন্ধ, বিআরটিসির গাড়ি চলাচল বন্ধ এবং বাগেরহাট ও ঝালকাঠি বাস মালিক সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার থেকে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের দ্বিতীয় দিন বুধবার খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বাগেরহাট জেলার ৩৩টি রুটে কোন বাস চলাচল করেনি। তবে পুলিশের পাহারায় বিআরটিসির বাস চলাচল করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/২২২৩ ঘ.