ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নির্ধারণে জাতীয় পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য গঠিত সচিব কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করেছে।
এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন ১ অনুপাত পৌনে ১০ হারে নির্ধারণ এবং চলতি মাস থেকেই তা কার্যকর করার প্রস্তাব করা হয়েছে।
বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কার্যালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির এক সভায় এটি চূড়ান্ত করা হয়।
সুপারিশগুলো শিগগিরই প্রধানমন্ত্রী কার্যালয়ে জমা এবং অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ।
তবে সচিব কমিটির সুপারিশে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অঙ্কের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, প্রতিরক্ষা সচিব কামরুল আহসান এবং পরিকল্পনা কমিশনের একজন সদস্য উপস্থিত ছিলেন।
সভা শেষে আবদুল আজিজ সাংবাদিকদের বলেন, "কমিটি সুপারিশগুলো চূড়ান্ত করেছে। এগুলো প্রতিবেদন আকারে শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হবে। পরে তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।"
সভাপতি বলেন, "কতটুকু গ্রহণ করা হবে বা হবে না, তা মন্ত্রিসভাই চূড়ান্ত করবে। তবে প্রস্তাবগুলো জুলাই থেকেই কার্যকর করার জন্য সুপারিশে বলা হয়েছে।"
তিনি জানান, পে-কমিশনের সুপারিশে কর্মকর্তা ও কর্মচারিদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের হার ১ : ১১.২৫ করার সুপারিশ করা হলেও সচিব কমিটি ১ : ৯.৭৫ করার সুপারিশ করেছে। তবে টাকার অঙ্কে এ হার কত হবে, তা মন্ত্রিসভাই সিদ্ধান্ত নেবে।
পার্শ্ববর্তী দেশে বেতন বৃদ্ধির ক্ষেত্রে অনুসৃত প্রক্রিয়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সরকারের সামর্থের কথা বিবেচনায় রেখে এ চূড়ান্ত সুপারিশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আবদুল আজিজ বলেন, "সুপারিশে পুলিশ ও সেনাবাহিনীসহ কর্মকর্তা ও কর্মচারিদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া শিক্ষা ভাতার বিষয়টিও অন্তর্ভূক্ত রাখার প্রস্তাব করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২০২১ঘ.
bdnews24