ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ভবন এলাকার জাতীয় কবরস্থান থেকে স্বাধীনতা বিরোধী সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, মুসলিম লীগ নেতা খান এ সবুর ও সাবেক মন্ত্রী মশিউর রহমান জাদু মিয়ার কবর সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে 'মুক্তিযোদ্ধার সন্তান' নামে একটি সংগঠন।
মঙ্গলবার ঢাকা রিপোর্টাস ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এ দাবি আদায়ে সংগঠনটি আগামী ৩ জুলাই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে মোহাম্মদ জিয়াউল হক লিখিত বক্তব্য রাখেন।
তিনি বলেন, সংসদ ভবন প্রাঙ্গনে জাতীয় কবরস্থানে কয়েকজন জাতীয় নেতাসহ ৭ জনের কবর রয়েছে। তারা হলেন আতাউর রহমান খান, তমিজ উদ্দিন খান, আবুল মনসুর আহমেদ, মশিউর রহমান যাদু মিয়া, খান এ সবুর ও শাহ আজিজুর রহমান।
জিয়াউল হক বলেন, এরমধ্যে খান এ সবুর, শাহ আজিজুর রহমান ও মশিউর রহমান যাদু মিয়া একাত্তর সালে প্রকাশ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সংসদ ভবন প্রাঙ্গনে তাদের কবর থাকা জাতির জন্য কলঙ্কজনক।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন, রজনী হাসান, আহসানুর রহমান রানা, রাশেদুল হক পনির, গাজী তরুন ও বেনজির আহমেদ শিশু ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএম/এএনএস/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24