কুড়িগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম সদর উপজেলার সিএন্ডবি ঘাট এলাকা থেকে মঙ্গলবার দুপুরে ছেলেধরার হাত থেকে চার শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
এরা হল- সদর উপজেলার ভেলাকোপা গ্রামের মকবুলের মেয়ে জীম (৪), আয়নালের মেয়ে আইভি (৪), নায়েব আলীর মেয়ে নাসরিন (৫) এবং নওশের আলীর ছেলে আতিকুল (৪)।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, সকাল ১০টার দিকে এ শিশুরা হারিয়ে যায়। দুপুর আড়াইটার দিকে ধরলা নদীর সিএন্ডবি ঘাট এলাকায় অপরিচিত এক লোকের সঙ্গে তাদের দেখে লোকজনের সন্দেহ হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, লোকজন জিজ্ঞাসাবাদ শুরু করলে সুযোগ বুঝে ওই লোকটি পালিয়ে যায়।
পুলিশ শিশুগুলোকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.
bdnews24