নীলফামারী, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি সোমবার সন্ধ্যা থেকে নীলফামারীর ডালিয়ায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তা ব্যারেজের উজানে কমপক্ষে সাড়ে পাঁচ শ' বাড়ি-ঘরে এখন হাঁটু পানি।
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, দুপুর ২টার পর থেকে তিস্তায় পানি প্রবাহ বাড়তে থাকে। সন্ধ্যা ৭টায় বিপদসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে তা প্রবাহিত হতে থাকে।
রাতে পানি আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ডিমলা উপজেলার পূর্ব সাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ডালিয়ায় তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে ঝাড় সিংহেশ্বর ও পূর্ব সাতনাই গ্রামের কমপক্ষে সাড়ে পাঁচ শ' বাড়ি-ঘরে হাঁটু পানি উঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২০৪০ ঘ.
bdnews24