২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিয়ার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ হাফিজের

খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরীর সংসদে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 09:23 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরীর সংসদে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ। এ জন্য মতিয়া চৌধুরীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হাফিজউদ্দিনের লেখা একটি বইকে উদ্ধৃত করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সোমবার সংসদে বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দাম্পত্য জীবন সুখের ছিল না। সাবেক মন্ত্রী ও বিএনপির সহসভাপতি হাফিজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "সোমবার সংসদে কৃষিমন্ত্রী আমার লেখা বই 'রক্তে ভেজা একাত্তর'র উদ্ধৃতি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে যে বক্তব্য রেখেছেন, তা অসত্য ও উদ্ভট। "মন্ত্রী বলেছেন, আমার বইয়ের ২৪৫ পৃষ্ঠায় আমি না কি লিখেছি, তৎকালীন মেজর জিয়াউর রহমান তার স্ত্রী খালেদা জিয়াকে মুক্তাঞ্চলে যাওয়ার জন্য বললেও তিনি (খালেদা) সেখানে যাননি।" এ তথ্য বানোয়াট দাবি করে হাফিজউদ্দিন বলেন, "আমার বইয়ে ২৪৫ নম্বর পৃষ্ঠাই নেই, এটি ১১১ পৃষ্ঠার। আর ওই বইয়ে জিয়াউর রহমানের দাম্পত্য জীবন নিয়ে কোনও কথাই নেই।" কৃষিমন্ত্রী সংসদে 'অসত্য বক্তব্য দিয়ে বিকৃত মানসিকতার' পরিচয় দিয়েছেন মন্তব্য করে হাফিজউদ্দিন বলেন, "এ ধরনের উদ্ভট বক্তব্য দেওয়ার জন্য খালেদা জিয়ার কাছে মতিয়া চৌধুরীর ক্ষমা চাইতে হবে।" তিনি জানান, ১৯৯৭ সালে 'রক্তে ভেজা একাত্তর' বইটি লেখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫২০ ঘ.