গাইবান্ধা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার ফুলছড়ি উপজেলায় রোববার রাতে সন্ত্রাসীরা এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করেছে।
নিহত ফজলু মিয়ার (৪৫) বাড়ি গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি মোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ফজলু মিয়ার সঙ্গে পাশের খাঁপাড়া গ্রামের দুদু মিয়ার বিরোধ চলছিল। রোববার রাত নয়টার দিকে দুদু মিয়া ও তার লোকজন ফজলু মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারা তাকে দড়ি দিয়ে একটি জাম গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে সোমবার ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/০০৪৪ ঘ.
bdnews24