সাভার, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় টানা তিনদিনের শ্রমিক অসন্তোষ সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে তোলা হচ্ছে। মঙ্গলবার থেকে মোতায়েন করা হচ্ছে দু'হাজার পুলিশ ও র্যাব।
ঢাকার পুলিশ সুপারিনটেনডেন্ট ইকবাল বাহার সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পোশাক শিল্প এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার সেখানে দুই হাজারের বেশি পুলিশ ও অতিরিক্ত র্যাব সদস্য মোতায়েন করা হবে।
যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে বলে তিনি জানান।
এর আগে সোমবার সকালে শ্রমিক অসন্তোষে টানা তিনদিনের মতো উত্তপ্ত হয়ে ওঠে আশুলিয়ার পোশাক শিল্প এলাকা। রোববারের জামগড়া এলাকার ঘটনায় আশুলিয়া থানায় গভীর রাতে আরও দু'টি মামলা হয়েছে। এ নিয়ে গত দু'দিনে মোট চারটি মামলা দায়ের করা হল।
এসব মামলায় প্রায় দু'হাজার শ্রমিককে আসামি করা হয়েছে।
আনসার ও পুলিশের গুলিতে দু'জন নিহত হওয়ার প্রতিবাদে হাজার হাজার বিক্ষুব্ধ শ্রমিক একটি সোয়েটার কারখানায় সকালে আগুন ধরিয়ে দেয়। এতে কারখানাটি সম্পূর্ণ পুড়ে যায়।
আশুলিয়ার নরসিংহপুরে হামিম গ্র"পের মালিকানাধীন ওই কারখানার আগুন দুপুর আড়াইটার দিকে নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
এদিকে ঢাকা টাঙ্গাইল-মহাসড়কের নরসিংহপুর থেকে অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগুনে কারখানার ভেতরে তিনটি বাস ও একটি লরি ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রমিকরা আলফা গ্র"পের একটি গাড়িতেও আগুন লাগিয়ে দেয়।
এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে ডিইপিজেডেও শ্রমিকরা বিক্ষোভ করে।
এর আগে শ্রমিকরা সকাল ৯টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার জামগড়ায় সড়ক অবরোধ করে রাখে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
সকাল সাড়ে ১০টায় একটি গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা শত শত শ্রমিক নিয়ে ফ্যান্টাসি কিংডমের সামনে সমাবেশ করেন। সমাবেশে দুই শ্রমিকের নিহত হওয়ার ঘটনার বিচার দাবি করা হয়। পরে শ্রমিকরা একটি মিছিল নিয়ে ইপিজেডের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
এ ব্যাপারে হামিম গ্র"পের মহা-ব্যবস্থাপক বোরহানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সু-পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। প্রধান ফটক ভেঙে বহিরাগতরা ভিতরে ঢুকে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি দাবি করেন, এতে ২৫ কোটি টাকার সূতা, সাড়ে ৪ হাজার পিচ নিটিং মেশিন, ৮টি শ্রমিক বহনকারী বাস, ৬টি মাইক্রোবাস, ৩টি কাভার্ড ভ্যান, ১টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে যায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ এক শ' কোটি টাকার অধিক বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/এএনএস/ডিডি/টিআর/০০০৭ ঘ.
bdnews24