২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার রাস্তায় পশুর হাট না বসানোর নির্দেশ

ঈদ-উল-আজহার সময় ঢাকার সড়কগুলোতে পশুর হাট না বসাতে সরকার ও ঢাকা সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া পশু জবাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য স্বাস্থ্যকর উপায়ে অপসারণের জন্য ডিসিসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 10:02 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ-উল-আজহার সময় ঢাকার সড়কগুলোতে পশুর হাট না বসাতে সরকার ও ঢাকা সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া পশু জবাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য স্বাস্থ্যকর উপায়ে অপসারণের জন্য ডিসিসিকে নির্দেশ দেওয়া হয়েছে। (আরও তথ্যসহ) পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানি শেষে সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। রায়ে হাইকোর্ট আরও বলেছে, ঢাকা সিটি করপোরেশন অধ্যাদেশের ১১৪ (৪) ধারা অনুসারে গণউৎপাত এর সংজ্ঞা নির্ধারণ করে সরকারকে বিধান প্রণয়ন করতে হবে। রায়ের আলোকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আগামী ১১ অক্টোবরের মধ্যে তা জানাতেও আদালত ঢাকার মেয়রকে নির্দেশ দিয়েছে। এছাড়া কোরবানিতে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের বিধান অনুযায়ী পদক্ষেপ নিতে এর কাগজপত্রসহ আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী কোরবানির পশুর হাট থেকে সংগৃহীত ইজারা মূল্যের শতকরা ২০ ভাগ অর্থ রাজস্ব খাতে জমা দিয়ে তার কাগজপত্র ৩০ ডিসেম্বর আদালতে দাখিল করতে রায়ে নির্দেশ দেওয়া হয়। শুনানিতে রিটকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ, সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম চৌধুরী এবং ডিসিসি'র পক্ষে ড. আকতার হামিদ অংশ নেন। ঢাকার রাস্তায় ও জনচলাচলের জায়গায় কোরবানির পশুর হাট না বসানোর নির্দেশ চেয়ে সংগঠনটির দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট একটি রুলনিশি জারি করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২১৪৩ঘ.