২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেলের ইন্টার্নি চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

রংপুর মেডিকেলের ইন্টার্নি চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার সন্ধ্যার পর তারা কাজে যোগ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 05:49 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

রংপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর মেডিকেলের ইন্টার্নি চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার সন্ধ্যার পর তারা কাজে যোগ দেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আনিসুল করিম জানান, কলেজের শিক্ষক, সিনিয়র ও ইন্টার্নি চিকিৎসকদের সঙ্গে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আজিজুল ইসলাম জানিয়েছেন, ইন্টার্নি চিকিৎসকদের ওপর হামলা দুঃখজনক। রোগীদের কথা বিবেচনা করে তারা ধর্মঘট প্রত্যাহার করতে সম্মত হন। এর আগে সকালে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ইন্টার্নি চিকিৎসকদের ওপর হামলার নিন্দা করা হয়। একই সঙ্গে রোগীদের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করার জন্য ইন্টার্নি চিকিৎসকদের প্রতি আহবান জানানো হয়। কলেজের অধ্যক্ষ ডা. আজিজুল ইসলামের সভাপতিত্বে এ সভায় সিনিয়র শিক্ষক ও ডাক্তারসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার ইন্টার্নি ডক্টরস এসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. ইমরানসহ ১০ জন ডাক্তারের ওপর বহিরাগত সন্ত্রাসীরা হামলা করে। তাদের গ্রেপ্তারের দাবিতে ইন্টার্নি চিকিৎসকরা অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকেন। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ জানান, হামলার ঘটনায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আনিসুল করিম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় নেতা ডা. দেলোয়ার হোসেন, রংপুর শহর যুবলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মিণ চন্দ্র দাস, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কোয়েলসহ অজ্ঞাত পরিচয়ের ১০ জনকে আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.