২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যে পাঠ্যবই বিতরণ নজরদারিতে আঞ্চলিক কমিটি গঠন

প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কাজ পর্যবেক্ষণে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও তদারক কমিটি গঠন করা হয়েছে। জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটিতে উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সদস্য হিসেবে থাকবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 03:07 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কাজ পর্যবেক্ষণে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও তদারক কমিটি গঠন করা হয়েছে। জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটিতে উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সদস্য হিসেবে থাকবেন। শিক্ষা মন্ত্রণালয়ের দুইটি পৃথক আদেশে এ কমিটি গঠন করা হয় বলে রোববার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়। এর আগে গত ১৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও শিক্ষক নেতা মো. আখতারুজ্জামানের নেতৃত্বে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যের পাঠ্যবই ছাপা ও বিতরণ কাজ পর্যবেক্ষণে ১৩ সদস্যের একটি কমিটি কেন্দ্রীয় গঠন করে সরকার। এ কমিটিতে শিক্ষাবিদ, সাংবাদিক, আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের সদস্য হিসেবে রাখা হয়েছে। বিনামূল্যের পাঠ্যবই ছাপা ও বিতরণে নানা অনিয়মের অভিযোগ ওঠায় ভবিষ্যতে তা এড়াতেই এসব তদারক কমিটি করা হয়েছে বলে জানানো হয়। জেলা পর্যায়ের তদারক কমিটিতে সদস্য হিসেবে থাকবেন জেলার সব উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, একজন করে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, শিক্ষানুরাগী ও সমাজসেবী প্রতিনিধি। জেলা শিক্ষা কর্মকর্তা সদস্য সচিব হিসেবে কাজ করবেন। উপজেলা কমিটিতেও প্রকৌশলী,মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক,শিক্ষানুরাগী ও সমাজসেবী প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। এ কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সূচিত উদ্যোগের ধারাবাহিকতায় সরকার প্রাথমিকের মতো মাধ্যমিক স্তরেও বিনামূল্যে বই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২১১৩ঘ.