২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজার হত্যায় আটক দু'জন তিনদিনের রিমান্ডে

কারওয়ান বাজারের তিন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দু'জনকে রোববার তিনদিনের আইনী হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। শনিবার ভোরে তেজগাঁ এলাকা থেকে পুলিশ দু' সন্দেহভাজন খুনী মো. সোহাগ ও প্রদীপ চন্দ্র হাওলাদারকে গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কারওয়ান বাজারের তিন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দু'জনকে রোববার তিনদিনের আইনী হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। শনিবার ভোরে তেজগাঁ এলাকা থেকে পুলিশ দু' সন্দেহভাজন খুনী মো. সোহাগ ও প্রদীপ চন্দ্র হাওলাদারকে গ্রেপ্তার করে। রোববার বিকেলে এ দু'জনকে মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁ থানার উপ-পরিদর্শক মুন্সী সহিদুল ইসলাম তাদের সাতদিনের রিমান্ড আবেদন করলে মহানগর হাকিম আব্দুর রহিম তিনদিন মঞ্জুর করেন। আদালতের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ-পরিদর্শক আরশাদ আলী ও উপ-পরিদর্শক আখের উজ জামান জানান, রিমান্ড আবেদনে বলা হয়েছে গ্রেপ্তার দু'জন কারওয়ান বাজারের তিন হত্যার ঘটনায় জড়িত। সহযোগীদের গ্রেপ্তারের জন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুক্রবার দুপুরে কারওয়ান বাজারের ডিআইটি মার্কেটে সন্ত্রাসীদের গুলিতে তিনজন নিহত ও একজন আহত হন। নিহতরা ও আহত ব্যক্তি কারওয়ান বাজারের ব্যবসায়ী ও স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জিএমএ/এসকে/২১৩৯ঘ.