ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- '৭১-এর মুক্তিযুদ্ধের সময় ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধাদের তালিকা প্রকাশ করবে সরকার।
রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম সংসদে এ তথ্য জানান।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত অস্ত্র ও বহুসংখ্যক মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণ দিয়ে সক্রিয়ভাবে সহযোগিতা করেছিল।
সংসদ সদস্য নূর-ই-হাসনা লিলি চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের একটি তালিকা ১৯৭৩ সালে মিত্র বাহিনী হতে পাওয়া গেছে যা ইবিআরসি বা কল্যাণ ট্রাস্ট তালিকা খ্যাত। ইতোমধ্যে অবশিষ্ট তালিকাও আনার উদ্যোগ নেওয়া হয়েছে।"
এটি হাতে পেলে সমন্বিত তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
অন্যদিকে, রাজাকারের তালিকা প্রকাশের বিষয়ে পঞ্চগড়-২ আসনের সাংসদ নূরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।
তাজুল ইসলাম বলেন, "এখনো রাজাকারদের তালিকা প্রণয়নের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১৯৫৬ঘ.
bdnews24