ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি পর্ষদ একটি 'খসড়া জাতীয় প্রতিরক্ষা নীতিমালা' তৈরি করেছে বলে জানিয়েছেন সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ কে খন্দকার।
রোববার সংসদে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী একে খন্দকার সংসদকে আরো বলেন, "নীতিমালাটি নির্ধারিত সময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে উপস্থাপন করা হবে।"
পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বলেন, ১৯৯৭ সালে তৎকালীন সরকারের 'সুচিন্তিত এবং সুদূর প্রসারী' পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে জাতীয় প্রতিরক্ষা নীতিমালা প্রণয়নে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার পাবর্ত্য অঞ্চলে সেনাবাহিনীর ব্যয় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে ১৯৭৫ সাল থেকে এখন পর্যন্ত নিয়োজিত সেনাবাহিনী মোতায়েন, বাসস্থান, রসদ সরবরাহ, যানবাহন ও অন্যান্য সরঞ্জামের ব্যয়ভার প্রতিরক্ষা বাজেটের বরাদ্দ থেকে সংকুলান করা হয়ে থাকে। এর জন্য আলাদাভাবে অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হয় না।
কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা শহরে বনানী, মহাখালী, বারিধারা ও মীরপুর সেনানিবাস এলাকায় সর্বমোট ৩২৪ দশমিক ১৫ একর এবং চট্টগ্রামে ৯ দশমিক ৭৪ একর জমিতে ডিওএইচএস প্রতিষ্ঠা করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সাধারণ সদস্যদের আবাসন সমস্যা সমাধানে কুমিল্লা, বরিশাল ও পটুয়াখালীতে যথাক্রমে ৪৪ দশমিক ৪১, ১০ এবং ৯ দশমিক ৬৮ একর জমিতে আবাসিক প্লট বরাদ্দের পরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষায় আছে বলেও জানান একে খন্দকার। এ উদ্দেশ্যে রংপুর ও বগুড়াতেও জমি কেনা হয়েছে বলে জানান তিনি।
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে সাভার সেনানিবাস সংলগ্ন খেজুরটেক এলাকায় ফ্ল্যাট প্রকল্প চালু করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ৬ দশমিক ৩২ একর জমিতে এই প্রকল্প চালু হয়েছে।
এদিকে, কৃষকদের কাছে সার সহজলভ্য করতে 'সার ডিলার নিয়োগ ও সার বিতরণ পদ্ধতি-২০০৮ ' সংশোধন করে এ সংক্রান্ত নতুন নীতিমালা শিগগিরই জারি করা হবে বলে সংসদে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১৯১১ঘ.
bdnews24