২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে পৃথক ঘটনায় তিনজন খুন

জামালপুরের ইসলামপুর উপজেলায় শনিবার বিকেলে খেয়াঘাটের টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সকালে সরিষাবাড়ি উপজেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে একজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 04:20 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

জামালপুর, জুন ২৭ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের ইসলামপুর উপজেলায় শনিবার বিকেলে খেয়াঘাটের টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সকালে সরিষাবাড়ি উপজেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে একজনকে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পূর্ব হরিণধরা এলাকায় দশআনী নদীর ঘাটে খেয়া পারাপারের টোল আদায় নিয়ে বাবুল নামে স্থানীয় একজনের সঙ্গে ইজারাদার ইউসুফ আলীর কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার বিকেলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে পূর্ব হরিনধরা গ্রামের সামছুল হকের ছেলে ফকির পাগলা (৩০) এবং তছের আকন্দের মেয়ে ফুলেছা (২২) মারা যান। ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। সরিষাবাড়ি উপজেলার বিল বালিযা গ্রামের সোবহানের শ্যালো মেশিন ঘরে জুয়া খেলাকে কেন্দ্র করে শনিবার ভোরে ফারুক (৩২) নামে একজনকে শ্বাসরোধ করে হত্যার করা হয়। সরিষাবাড়ি থানার এসআই হুমায়ুন কবির জানান, জুয়ার আসরেই মারা গেছে ফারুক। তবে কিভাবে মারা গেছে তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। ময়না তদন্তের জন্য তার লাশ জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান। এসআই হুমায়ুন জানান, জুয়াড়িরা ফারুকের লাশ রিকশাভ্যানে করে গ্রামের বাড়ি সরিষাবাড়ির বাউসী সোনার পাড়ায় পাঠিয়ে দেয়। তার বাবা আব্দুস ছাত্তার বিষয়টি পুলিশকে জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৩ ঘ.