২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঘড়ির কাঁটা এগিয়ে আনায় বিদ্যুৎ সাশ্রয় ২০০-৩৩০ মেগাওয়াট'

ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনায় প্রতিদিন ২০০ থেকে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 12:10 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনায় প্রতিদিন ২০০ থেকে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। শনিবার সংসদে উপস্থাপিত এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। মহিলা সাংসদ তারানা হালিমের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী আরও বলেন, "সাশ্রয় হওয়া বিদ্যুৎ রপ্তানিমুখী কারখানাসহ অন্যান্য গ্রাহকদের সরবরাহ করা হচ্ছে।" বিদ্যুৎ অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে শামসুল হক বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে রাত ৮টার পর দোকানপাট, মার্কেট, শপিং মল, বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। লোডশেডিং অত্যাবশ্যক হলে রাত ৮টার পর তা কার্যকর করা হচ্ছে। নওগাঁ-৩ আসনের সাংসদ আকরাম হোসেন চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনার আওতায় ২০১৪ সালের মধ্যে সর্বমোট ৩ হাজার ৫২১ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছে। মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এ বি এম আনোয়ারুল হকের এক প্রশ্নের জবাবে শামসুল হক জানান, দেশে দৈনিক বিদ্যুতের গড় চাহিদা ৪০০০-৫২০০ মেগাওয়াট। দৈনিক উৎপাদনের পরিমাণ ৩৫০০-৪২০০ মেগাওয়াট। সাংসদ নাজমা আক্তারের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে জানান, আগামী বছর অর্থাৎ ২০১০ সাল নাগাদ সরকারি ও বেসরকারি খাতে সর্বমোট বিদ্যুৎ উৎপাদন ৭২৬ মেগাওয়াট বাড়ানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। প্রকাশিত দৈনিক ৪২৪টি: টাঙ্গাইল-৭ আসনের সাংসদ একাব্বর হোসেনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ সংসদকে জানান, ৩১ মে পর্যন্ত দেশে পত্রিকার নামের ছাড়পত্র ও ডিক্লারেশন প্রাপ্ত দৈনিক পত্রিকার সংখ্যা ৫৯২টি এবং পাক্ষিক পত্রিকা ৭৬টি। এর মধ্যে ৪২৪টি দৈনিক পত্রিকা এবং ৩৯টি পাক্ষিক প্রকাশিত হচ্ছে। বাকি ১৬৮টি দৈনিক ও ৩৭টি পাক্ষিক প্রকাশ হচ্ছে না। তথ্যমন্ত্রী সংসদকে আরও জানান, বর্তমানে বাংলাদেশে সরকারি রেডিও স্টেশনের সংখ্যা ১২টি। বেসরকারি রেডিও স্টেশনের সংখ্যা চারটি। এগুলো হচ্ছে, রেডিও টুডে,রেডিও ফুর্তি, রেডিও আমার ও এবিসি রেডিও। সাংসদ নূর আফরোজ আলীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ টেলিভিশনের দুটি পূর্ণাঙ্গ কেন্দ্র এবং ১৪টি উপকেন্দ্র রয়েছে। খুলনার খালিশপুরের টিভি উপকেন্দ্রটি পূর্ণাঙ্গ আঞ্চলিক টিভি কেন্দ্রের রূপান্তরের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮১৮ ঘ.