ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজারে তিন খুনের ঘটনায় বিএনপির স্থানীয় কয়েকজন নেতাকে আসামি করে মামলা হয়েছে।
নিহত ফারুক মোল্লার ভাই মোবারক হোসেন শুক্রবার রাতে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম। তিনি এ মামলার তদন্ত কর্মকর্তা।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, এদের একজনের নাম সোহাগ (২২), বাড়ি গাজিপুরে। অপরজনের নাম প্রদীপ (২১), বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে।
মাহবুবুর রহমান বলেন, "সন্দেহজনক আরও কয়েকজনের নাম জানতে পেরেছি, তাদের গ্রেপ্তারেরর জন্যে অভিযান চালানো হচ্ছে।"
মোবারকের দায়ের করা মামলায় স্থানীয় বিএনপি নেতা এল রহমান, নবী সোলায়মান, সাঈদ, নূরুল ইসলাম এবং অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, জাতীয় পার্টি নেতা ফারুক মোল্লার সঙ্গে অনেকদিন ধরে স্থানীয় বিএনপির ওই চার নেতার ব্যবসায়িক বিরোধ চলছিল। বিরোধের জের ধরে আসামীরা ভাড়াটে খুনী দিয়ে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
শুক্রবার দুপুরে কারওয়ান বাজারে সন্ত্রাসী হামলায় ফারুক মোল্লা নিহত হন। তার সঙ্গে মারা যান আওয়ামী লীগ নেতা মো. আশরাফ মিঞা এবং ফারুকের দেহরক্ষী নূরউদ্দীন সরকার জুয়েল।
কারওয়ান বাজারে ফারুক ও আশরাফের ফলের আড়ত ও ব্যবসা প্রতিষ্ঠান আছে।
নিহত ফারুক কারওয়ান বাজার ফল আড়ত মালিক সমিতির সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজিতে মদদ দেওয়ার অভিযোগ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএমএ/এসএম/এজে/আরএ/এমআই/১৫২২ ঘ.
bdnews24