২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কাফকো কর্মকর্তাকে হত্যা

চট্টগ্রামে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) একজন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর পাঁচলাইশ এলাকার নিজের বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 05:51 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) একজন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর পাঁচলাইশ এলাকার নিজের বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম- আওরঙ্গজেব হোসাইন মিঠু (৪৩)। তিনি কাফকো'র পার্সেজ কর্মকর্তা ছিলেন। মিঠু ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুুপুর আড়াইটার পুলিশ ঘটনাটি জানতে পারে। বিকেল সাড়ে ৬টার দিকে মিম টাওয়ারের ষষ্ঠ তলার ফ্ল্যাট থেকে মিঠুর লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, "তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাকে বালিশ চাপা এবং ছুরি বা অন্য কিছু দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে।" তবে মিঠুর বাসা থেকে কোন কিছু খোয়া যায়নি বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বলে বনজ জানান। পুলিশ কর্মকর্তা জানান, লাশ উদ্ধারের সময় বাসায় আর কেউ ছিলেন না। দেড় মাস ধরে মিঠু ও তার স্ত্রী আলাদাভাবে বসবাস করছিলেন বলে প্রতিবেশী সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২৩৫২ ঘ.