সিলেট, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের বালাগঞ্জ উপজেলায় শুক্রবার সন্ধ্যায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবলসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
আহত মধ্যে আছেন- কনস্টেবল কৃষাণ (৩৩) ও ফজলুর রহমান (৫০), উপজেলার শিওরখাল গ্রামের আব্দুল করিম (৫৫), তার ছেলে আব্দুর রকিব (২৮), শাহজাহান (২৬), আইয়ুব উল্ল্যাহ (৬০), সামসুদ্দীন (৫৫), মুসলিম আলী (৪৮), সালামত খান (২৯) ও কয়েছ আলী (২০)।
এদের মধ্যে কনস্টেবল কৃষাণকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর কনস্টেবল ফজলুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত গ্রামবাসীদের ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের কবরস্থানের পাশের একটি ড্রেনকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭টায় উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ফ ম শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইটপাটকেলের আঘাতে দুই কনস্টেবল আহত হন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৪ ঘ.
bdnews24