ঢাকা জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বেঙ্গল আর্ট গ্যালারিতে শুক্রবার শুরু হয়েছে ভারতীয় শিল্পী শর্বরী রায়চৌধুরীর একক ভাস্কর্য প্রদশর্নী।
আইনমন্ত্রী শফিক আহমেদ দশ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন এবং 'অনুভূতির মূর্তায়ন: শর্বরী রায়চৌধুরীর ভাস্কর্য' শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, "তিনি এক ক্ষণজন্মা শিল্পী। যিনি যাদুকরের মত মানুষের কল্পনা, অনুভতি ও ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন তার শিল্পকর্মে। আমি পেশায় আইনের মানুষ। শিল্প সম্পর্কে খুব একটা জ্ঞান নেই। তবে যে শিল্পীর জন্য এখানে এসেছি তিনি ভারতবর্ষের আধুনিক ভাস্কর্যের এক উজ্জ্বল নক্ষত্র। নিজের কাজের মধ্য দিয়েই তিনি অমরত্ব লাভ করবেন।"
অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক আনিসুজ্জামান শিল্পী সম্পর্কে বলেন, তিনি এক বিশ্ব পথিক। আনুষ্ঠানিকভাবে ভারতের নাগরিক হলেও তিনি বাংলাদেশের সন্তান। ভারতীয় মার্গ সঙ্গীতের ধ্যানমগ্ন শ্রোতা হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি। ভাস্কর্যের মাধ্যমে তিনি সৃষ্টি করেছেন আধুনিকতাবোধ ও নান্দনিক আবেগ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, অধ্যাপক সৈয়দ আজিজুল হক, ঢাকা ক্লাবের সভাপতি সাদাত হোসেন সেলিম এবং কলকাতার 'আকার প্রকার' গ্যালারীর রীনা লাথ।
আর শিব শঙ্কর কুমার শিল্পীর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে রচনা করেছেন 'অনুভূতির মূর্তায়ন: শর্বরী রায়চৌধুরীর ভাস্কর্য'। গ্রন্থটি নিয়ে আলোচনা করেন সৈয়দ আজিজুল হক।
তিনি জানান, শর্বরী রায়চৌধুরী ১৯৩৩ সালে গোপালগঞ্জ জেলার উলপুরে জন্মগ্রহণ করেন। তিনি ভাস্কর্য বিষয়ে ভারত এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পুরস্কারসহ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের 'গগন-অবনী' পুরস্কার লাভ করেন।
শারীরিক অসুস্থতার কারণে হুইল চেয়ারে বসেই অনুষ্ঠানে অংশ নেন ৭৬ বছর বয়সী শিল্পী শর্বরী।
তিনি বলেন, "আমি আমার দেশে ফিরে আসতে পেরে খুব আরামবোধ করছি। এখন শিল্প নিয়ে খুব একটা কাজ-কর্ম করতে পারি না। কিন্তু আমি চেষ্টা করেছি আমার সর্বস্ব দিয়ে এ প্রদশর্নীর কাজটা শেষ করতে।"
প্রদর্শনীতে শিল্পীর তৈরি ব্রোঞ্জের ৩৫ টি ভাস্কর্য স্থান পেয়েছে। এর মধ্যে অধিকাংশই নারীর অবয়ব।
৫ জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা ১২ টা থেকে রাত ৮ পর্যন্ত প্রদর্শনী চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএনএস/এইচএ/২২৪০ঘ.
bdnews24