নীলফামারী, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডযটকম) - নীলফামারীতে দুই বোনকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগে আসাদুল ওরফে আসাদুজ্জামান ওরফে আকাশকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রংপুরের পীরগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বিকেলে নীলফামারীর মুখ্য বিচার বিভাগীয় হাকিম মনসুর আলমের আদলতে নিলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৯ জুন গভীর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচণ্ডি দক্ষিণ পাড়ায় মাহমুদা আক্তার শিমু (১৮) ও তার বড় বোন মাসুমা আক্তারকে (২৪) এসিড মেরে ঝলসে দেওয়া হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আফজা জানান, নওগাঁ জেলার আত্রাই উপজেলার হিঙ্গোলকান্দি গ্রামের আসাদুল কিশোরগঞ্জ উপজেলার রনচণ্ডি দক্ষিণ পাড়ার স্কুল শিক্ষক আব্দুল মান্নানের মেয়ে মাহমুদা আক্তার শিমুকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ১৯জুন রাত ১২টার দিকে সে মাহমুদাকে এসিড ছুঁড়ে মারে। এতে শিমু ও তার বড় বোন মাসুমার শরীর ও মুখমণ্ডল ঝলসে যায়।
মাসুমা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং মাহমুদা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিসাধীন রয়েছেন।
এ ব্যাপারে মাহমুদার ভাই তোবারক আলী বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডযটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৫৩ ঘ.
bdnews24