ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) শীর্ষ কর্মকর্তা হুসেইন আল মাসুমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকেলে মাসুমকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। হাকিম তোফায়েল হাসান শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
প্রতারণা মামলায় বৃহস্পতিবার বিকেলে মাসুমকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ।
এর আগে বৃহস্পতিবার পুলিশ জানায়, হুসেইন আল মাসুমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ৯ টি মামলা রয়েছে। সবকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব পরোয়ানাবলে গ্রেপ্তার করা হয় মাসুমকে।
গ্রাহকদের দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাত মামলায় এর আগে যুবকের পরিচালক (কেন্দ্রীয়) সৈয়দ আশরাফুল হুদা, যুবক হাউজিং এর চেয়ারম্যান লোকমান হোসেন এবং ঢাকা (পশ্চিম) অঞ্চলের সমন্বয়ক রওশন আরাকে গ্রেপ্তার করে পুলিশ।
যুবকের বিরুদ্ধে সারাদেশে গ্রাহকদের জমি, ফ্ল্যাটসহ আমানতের অর্থ ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে। এভাবে প্রতিষ্ঠানটি 'হাজার কোটি' টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ গ্রাহকদের। এ অভিযোগে বিভিন্ন থানায় যুবকের কমকর্তাদের বিরুদ্ধে মামলা করেছেন প্রতারিত গ্রাহকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জিএমএ/এএনএস/এইচএ/২২৪০ ঘ.
bdnews24