ময়মনসিংহ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দু'গ্র"পের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর শুক্রবার রাতে পাঁচটি হলে তল্লাশি চালিয়ে ২৪টি রাম দা এবং ১৫টি হকিস্টিক উদ্ধার করেছে পুলিশ।
হল তল্লাশির সময় ছয়জনকে আটক করার হয়। এর মধ্যে চারজনকে প্রক্টরের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় বাকি দু'জনকে। তবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এএসএম আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার সন্ধ্যার পর সংঘর্ষের সূত্রপাত। শুক্রবারও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে তিন শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।"
তিনি জানান, ছাত্রলীগের বাকৃবি শাখার সভাপতি সারোয়ার মুর্শেদ আকন্দ এবং সাধারণ সম্পাদক সম্পাদক মো. আতিকুজ্জামান গ্র"পের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় দু'পক্ষই মামলা করেছে বলে এএসপি জানান।
আহতদের মধ্যে আছেন- বাকৃবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মহসীনুল হক শাওন, ছাত্রলীগ কর্মী আব্দুল ওহাব রিন্টু, আবু রায়হান, শাওন, রানা, দ্রৈব, বিশ্ববিদ্যালয়ের পাশের কেওয়াটখালী মহল্লার যুবলীগ নেতা আব্দুল আওয়াল মিন্টু এবং জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাহবুবুল হক বাবলু।
তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে মহসীনুল হক শাওন ও বাবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ছাড়া আহত আরও ১২ জন ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর সাধারণ সম্পাদক গ্র"পের শাহ মহসীনুল হক শাওনকে বিশ্ববিদ্যালয় পাশের কেওয়াটখালী মহল্লায় সভাপতি সমর্থিত স্থানীয় কর্মীরা ছুরিকাহত করে। খবর পেয়ে সাধারণ সম্পাদক গ্র"পের শতাধিক নেতা-কর্মী কেওয়াটখালী মহল্লায় হামলা করে।
এরপর কেওয়াটখালী মহল্লার স্থানীয় নেতা-কর্মীরা রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথের মূল সড়ক অবরোধ করে সাধারণ ছাত্রদের মারধর করে। এ সময় বিশ্ববিদ্যালয় এলাকার কেআর মার্কেট ও জব্বার মোড়ের দোকানপাট বন্ধ হয়ে যায়।
তিনি জানান, শুক্রবার সকাল ১০টার দিকে এ দু'গ্র"প আবার জব্বার মোড়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের ৩০ জনের মতো আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ধাওয়া দিয়ে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে দু'পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জানান, শুক্রবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ে ১১টি হলের মধ্যে বঙ্গবন্ধু, সোহরাওয়ার্দী, ফজলুল হক, আশরাফুল হক ও শামসুল হক হলে তল্লাশি চালিয়ে ২৪টি রাম দা এবং ১৫টি হকিস্টিক উদ্ধার করা হয়েছে।
বাকৃবি শাখা ছাত্রলীগ সভাপতি সারোয়ার মুর্শেদ আকন্দ সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ ক্যাম্পাসে মাদকদ্রব্য ব্যবসা এবং চাকরি বাণিজ্য করার জন্য রাজনীতি করছে।
তিনি বলেন, "আমরা ছাত্র রাজনীতির সুস্থ পরিবেশ বজায় রাখতে সকল অনিয়ম, অরাজকতার প্রতিবাদ করে যাচ্ছি।"
সাধারণ সম্পাদক মো. আতিকুজ্জামান রয়েল বলেন, "ক্যাম্পাসে অছাত্র, বহিরাগত এনে এবং আঞ্চলিক রাজনীতি প্রতিষ্ঠা করে ত্রাস সৃষ্টি করছে ছাত্রলীগের একটি পক্ষ। আধিপত্য বিস্তারের নামে তারা আমাদের নেতা-কর্মীদের রক্তাক্ত করছে। তাদের ঘৃণ্য রাজনীতি ক্যাম্পাসে আতংক ছড়াচ্ছে। এদের প্রতিহত করা হবে।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ শামছুদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং বিশ্ববিদ্যালয় শান্ত করতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২১ ঘ.
bdnews24