২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নিহত' বিউটি খাতুন আট বছর পর গ্রেপ্তার

কথিত হত্যাকাণ্ডে নিহত বিউটি খাতুন (২৫) নামের এক গৃহবধূকে আট বছর পর গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ পুলিশ। শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরের কাজীপুর রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

সিরাজগঞ্জ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কথিত হত্যাকাণ্ডে নিহত বিউটি খাতুন (২৫) নামের এক গৃহবধূকে আট বছর পর গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ পুলিশ। শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরের কাজীপুর রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিউটি খাতুনকে হত্যার অভিযোগে ২০০১ সালে তার বাবা স্বামীসহ নয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছিলেন। ইতোমধ্যে এ মামলায় অভিযোগপত্রও দিয়েছে পুলিশ। তবে কেউ কারাগারে আটক নেই। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ আব্দুল হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০১ সালের ১৩ জুন বিউটি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে তার বাবা আব্দুর রাজ্জাক ওই বছর ১৪ আগস্ট কামারখন্দ থানায় মেয়ে জামাই মোতালেবসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। একই বছরের ১৫ ডিসেম্বর পুলিশ বিউটির মামাত ভাই সদর উপজেলার সয়াধানগড়া গ্রামের শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য গ্রহণ শেষে মামলাটি বর্তমানে রায়ের অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার বিকেলে বিউটি ঢাকা থেকে সিরাজগঞ্জ শহরের কাজীপুর রাস্তার মোড়ে মামা সাইফুলের বাড়িতে বেড়াতে আসেন। গোপনে এই সংবাদ পেয়ে শুক্রবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে কামারখন্দ থানায় আরও একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। সিরাজগঞ্জ শহরের হোসেনপুর গ্রামের বিউটি খাতুনের সঙ্গে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর গ্রামের মোতালেবের বিয়ে হয় ১৯৯৩ সালে। তাদের একটি ছেলেও রয়েছে। বিউটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক কলহের কারণে তিনি কাউকে কিছু না জানিয়ে ঢাকায় পালিয়ে যান। সেখানে একটি তৈরি পোশাক শিল্পে কাজ করেন এতদিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৯ ঘ.