রংপুর, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর শহরের দুটি মার্কেটে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৪৪১টি পর্নোসহ বিপুল সংখ্যক নকল সিডি আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
এ সময় তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- রাজা রাম মোহন মার্কেটের ডিভিডি ভিশন দোকানের মালিক আব্দুল মালেক মিয়ার ছেলে ফারুখ (৩০), একই মার্কেটের সিডি টাওয়ারের মালিক বারেক শেখের ছেলে মোস্তফা কামাল (৫০) ও জেলা পরিষদ সুপার মার্কেটের ঈগল ভিডিও দোকানের মালিক আতিয়ার রহমানের ছেলে শরিফুল (২২)।
কোতয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) চন্দন কুমার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রংপুর শহরের রাজা রাম মোহন এবং জেলা পরিষদ সুপার মার্কেটের তিনটি দোকানে তল্লাশি চালানো হয়।
পর্নো সিডি ও নকল সিডি উদ্ধারের ঘটনায় তিনজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
এস আই চন্দন বলেন, গ্রেপ্তার করা ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে পর্নো সিডি নিজেরা কপি করে রংপুরসহ আশপাশের জেলায় বিক্রি করে আসছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০০ ঘ.
bdnews24