সাতক্ষীরা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরে মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে সাতক্ষীরায় এক 'রাজাকার' এবং তার অজ্ঞাতনামা কয়েক সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে মামলাটি করেন দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফা।
হাকিম নাসিম রেজা মামলাটি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার আসামি হলেন- কালীগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের জোবেদ আলীর ছেলে আকবর আলী।
মোস্তফা অভিযোগ করেন, তার মুক্তিযোদ্ধা বাবা রহমত উল্লাহ ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসের কোন একদিন কালিগঞ্জ উপজেলার নলতা বাজারে যান। সেখানে আকবর আলী ও তার কয়েক সহযোগী রহমতকে গুলি করে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৩ ঘ.
bdnews24