ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও পাকিস্তানি সেনা বাহিনীর আত্মসমর্পণের স্থান সংরক্ষণে হাইকোর্ট সরকারের প্রতি রুলনিশি জারি করেছে।
বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি দেন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ১৯৭১ সালে। একই বছরের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনা বাহিনীও আত্মসমর্পণ করে একই ময়দানে।
এই দুই স্থানে কোনো স্থাপনা থাকলে তা অপসারণ এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সংরক্ষণে একটি কমিটি গঠন করে স্থান দু'টি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, আগামী ৬ জুলাইয়ের মধ্যে এর কারণ দর্শনোর জন্য আদালত মন্ত্রিপরিষদ সচিব, পূর্ত-সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী ও প্রধান স্থপতিকে নির্দেশ দিয়েছে।
বৃহষ্পতিবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের বেঞ্চ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনের দায়ের করা জনস্বার্থ বিষয়ক একটি রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
হাইকোর্ট আগামী ৬ জুলাই রিট নিয়ে চুড়ান্ত শুনানির দিন ধার্য করেছে।
শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ও পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের এই ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান দু'টি সংরক্ষণে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু সংবিধানের ২৪ নম্বর অনুচ্ছেদে স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক স্থান সংরক্ষণের কথা বলা হয়েছে।
সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এইচএ/১৯৩০ ঘ.
bdnews24