চট্টগ্রাম, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় চট্টগ্রামের রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বৃহস্পতিবার সকালে বন্ধ হয়ে গেছে।
ইউনিটটি চালু করতে দুই থেকে তিনদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা।
রাউজান কেন্দ্রে ৩৬০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটের মধ্যে একটি বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ পাওয়া গেছে একশ' মেগাওয়াট। চট্টগ্রামের অন্যান্য কেন্দ্র ও জাতীয় গ্রিড থেকে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেলেও ২৫০ মেগাওয়াটের মত ঘাটতি ছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পিডিবির চট্টগ্রাম অঞ্চলের জনসংযোগ কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
চাহিদার প্রায় অর্ধেক বিদ্যুৎ ঘাটতি থাকায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভাগাভাগি করে বিদ্যুৎ সরবরাহ (লোডশেডিং) করতে হয়। আর এর জন্য সারাদিন নগরবাসীকে পোহাতে হয় অসহনীয় দুর্ভোগ।
পিডিবি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, "গ্যাসের চাপ হঠাৎ কমে যাওয়ায় সকাল সাড়ে এগারটার দিকে বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।"
তিনি জানান, চট্টগ্রামের সবগুলো কেন্দ্র থেকে বৃহস্পতিবার ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে। এর মধ্যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ৭০ মেগাওয়াট, রাউজান থেকে ১০০ মেগাওয়াট, শিকলবাহা থেকে ৪০ মেগাওয়াট, রিজেন্ট পাওয়ার থেকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে।
এছাড়া জাতীয় গ্রিড থেকে ১০০ থেকে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রামের প্রতিবেদক মিন্টু চৌধুরী জানান, নগরীর এনায়েত বাজার জুবিলি রোড এলাকায় সকাল ১১ থেকেই বিকেল ৭টা পর্যন্ত পাঁচবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। প্রতিবার এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা করে এ এলাকায় বিদ্যুৎ ছিল না।
নগরীর সব এলাকায় এ রকম অবস্থা ছিল বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৩৫ ঘ.
bdnews24