২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সন্ত্রাস বিরোধী গণমিছিল

নড়াইলে সংখ্যালঘু অধ্যূষিত এলাকায় একের পর এক ডাকাতি ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে জেলা শহরে সন্ত্রাস বিরোধী গণমিছিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 10:20 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

নড়াইল, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইলে সংখ্যালঘু অধ্যূষিত এলাকায় একের পর এক ডাকাতি ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে জেলা শহরে সন্ত্রাস বিরোধী গণমিছিল হয়েছে। মিছিলটি শহরের রূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন সদর উপজেলার দেবভোগ, মুলিয়া, কোড়গ্রাম, গোবরা, আগদিয়া, শিমুলিয়া, বিছালী, কলোড়া, মুশুড়িয়া, বীড়গ্রাম, নলদীরচরসহ আশপাশের ২০ টি গ্রামের মানুষ। মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড বিমল বিশ্বাস। এছাড়া ওয়ার্কার্স পার্টির নড়াইল জেলা সম্পাদক নজরুল ইসলাম, জাতীয় পার্টির নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফ মুনির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মিছিলে অংশ নেন। মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে কমরেড বিমল বিশ্বাসসহ অন্যান্য নেতারা বলেন, জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় পরিকল্পিতভাবে ডাকাতির নাম করে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। মাত্র দু' মাসে ডাকাতের গুলিতে শিমুলিয়া গ্রামের শিক্ষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য (৬০) ও তার ছেলে অপুর্ব ভট্টাচার্য (৩০), দেবভোগ গ্রামে শিক্ষক সলিল ভৌমিক মারা যান। আহত হন সলিলের ছেলে সনৎ ভৌমিক। এ সময় বেশ কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনাও ঘটে। তারা দাবি করেন, এসব ঘটনার পিছনে কারা জড়িত তা গোয়েন্দা সংস্থাকে তদন্ত করে বের করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫২১ ঘ.