২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় আদিবাসীদের রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

নওগাঁর পোরশা থানার ছাওড় ইউনিয়নের আদিবাসীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে পাঁচটি এনজিও। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 09:35 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর পোরশা থানার ছাওড় ইউনিয়নের আদিবাসীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে পাঁচটি এনজিও। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। হামলার সময় আদিবাসীদের রক্ষায় স্থানীয় প্রশাসন ও পুলিশ তৎপর ছিল না অভিযোগ করে বিষয়টি তদন্তের আহ্বানও জানিয়েছে তারা। সংগঠনগুলো হলো, এএলআরডি, ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র, নিজেরা করি ও টিআইবি। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৭-১৯ জুন সংগঠনগুলোর একটি প্রতিনিধি দল ঘটনাস্থল সরেজমিনে ঘুরে এসেছে। গত ১২ জুন ছাওড় ইউনিয়নের আদিবাসী পাড়ায় হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর এবং ৭৭টি বাড়িতে আগুন দেওয়া হয়। আদিবাসীদের অভিযোগ, তাদের উচ্ছেদের জন্য স্থানীয় নূরুল হোসেন মাস্টার তার লাঠিয়াল বাহিনী দিয়ে ওই হামলা চালায়। তবে আদিবাসীদের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ এনে ৩১ জনকে আসামি করে ঘটনার দুদিন পর থানায় মামলা করেন নূরুল হোসেন মাস্টারের ছেলে মঞ্জুরুল ইসলাম। ওই মামলাটিকে সাজানো দাবি করে এটি প্রত্যাহারের দাবি জানিয়েছে এনজিওগুলো। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, "ঘটনার পর থেকে স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসন যথাযথ ভূমিকা পালন করেনি। এতে আমাদের মানবাধিকার ও উন্নয়ন সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করছে। আদিবাসী ও বাঙালি বসতিতে হামলাকারীদের ব্যাপারে যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের বিশেষ হস্তক্ষেপ প্রয়োজন বলে আমরা মনে করি।" সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পড়ে শোনান ব্লাস্ট এর কর্মকর্তা আবদুল মালেক। উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ব্লাস্টের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন, ক্ষতিগ্রস্ত আদিবাসী নরেন মুর্মু সংবাদ সম্মেলনে সেদিনের ঘটনা তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫৩০ ঘ.