২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট মামলা আরও তদন্তের আবেদন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা দুটি আরও (অধিকতর) তদন্তের জন্য আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 06:23 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা দুটি আরও (অধিকতর) তদন্তের জন্য আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নাজিমুদ্দিন রোডে স্থাপিত বিশেষ এজলাসে রাষ্ট্রপক্ষের বিশেষ প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান এ আবেদন করেন। ঢাকার ১ নং দ্রুত বিচার আদালতের বিচারক মো. মাসদার হোসেন আগামী ১ জুলাই এ আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন। মামলা দুটির কার্যক্রম এক সঙ্গে চলছে। মোট ৪ শতাধিক সাক্ষীর মধ্যে ৬১ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। সাক্ষীদের মধ্যে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলও রয়েছেন। ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী এবং দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হয়। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা পরিবর্তনসহ দীর্ঘসূত্রতার পর ২০০৮ সালের ১১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ফজলুল কবির হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় 'ভুয়া' আসামি সাজিয়ে এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগও রয়েছে। সিআইডির দেওয়া অভিযোগপত্রে চারদলীয় জোট সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, তার ভাই সন্দেহভাজন গ্রেনেড সরবরাহকারী মাওলানা তাজউদ্দিন ওরফে তাজ এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করা হয়। এদের পিন্টু ও মুফতি হান্নানসহ ১৩ জন কারাগারে রয়েছেন। পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ বাকিরা পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১২২৮ ঘ.