ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপান দেশের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে তিনটি খাদ্য গুদাম এবং মংলায় একটি জেটি নির্মাণে প্রায় ৭০০ কোটি টাকা অর্থ সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।
বুধবার নিজ মন্ত্রণালয়ে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত মাসাউকি ইনোয়ের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা জানান।
খাদ্যমন্ত্রী বলেন, "জাপান বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে তিনটি খাদ্য গুদাম নির্মাণে অর্থায়ন করবে।
"এ দিয়ে উত্তরবঙ্গের বেশি খাদ্যশস্য উৎপাদনকারী একটি জেলায় এক লাখ ১০ হাজার, ঢাকার পোস্তগোলায় এক লাখ ১০ হাজার এবং মংলায় ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য ধারণ ক্ষমতাসম্পন্ন তিনটি গুদাম নির্মাণ করা হবে।
"এছাড়া প্রায় দুইশ' ৩০ কোটি টাকা ব্যয়ে মংলা বন্দরে একটি জেটি নির্মাণ করবে জাপান। এসব প্রকল্প বাস্তবায়নে তারা প্রায় ৭০০ কোটি টাকা দেবে।"
আব্দুর রাজ্জাক জানান, খাদ্য গুদাম ও জেটি নির্মাণের প্রকল্পগুলো ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। আগামী অর্থবছরে এগুলোর কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় আয়লায় ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় আশ্রয় কেন্দ্র ও নিরাপদ আবাসন এবং বেড়িবাঁধ নির্মাণে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অর্থ সাহায্যেরও আশ্বাস দিয়েছে জাপান।
তারা এ ব্যাপারে সরকারকে একটি প্রস্তাব দেওয়ারও পরামর্শ দিয়েছে বলে জানান মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24