ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত হারুন অর রশিদ লিটন ওরফে লেদার লিটনকে একটি অস্ত্র মামলায় ২৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. রেজাউল ইসলাম ২০০১ সালের এক মামলায় এ রায় দেন।
আদালত অস্ত্র রাখার দায়ে ২১ এবং গুলি রাখার অভিযোগে আরও ৭ বছরের সাজা ঘোষণা করে। তবে উভয় সাজা একযোগে চলবে।
লেদার লিটন পিলখানা হত্যা মামলায় গ্রেপ্তার স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীর ছেলে। তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে বলা হয়, ২০০১ সালের ২১ ডিসেম্বর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল সংসদ ভবনের সামনে প্রাইভেট কার থেকে ৫ রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তলসহ লিটনকে গ্রেপ্তার করে।
বুধবার রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনাকারী বিশেষ পাবলিক প্রসিকিউটর এস এম রফিকুল ইসলাম জানান, লিটনের বিরুদ্ধে গুলশান ও লালবাগ থানায় হত্যা, ছিনতাই, চুরি, জমিদখল ও বিস্ফোরক রাখার অভিযোগে ৫টি মামলা রয়েছে। এগুলো বিচারাধীন।
তবে অন্য আদালত থেকে জামিন নিয়ে বর্তমানে লিটন পলাতক রয়েছেন বলে জানান এ আইনজীবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৮৫৫ঘ.
bdnews24