২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে দিনে দুপুরে মানি একচেঞ্জে ডাকাতি

রাজধানীর মালিবাগ বাজার এলাকায় বুধবার দিনে দুপুরে একটি মানি একচেঞ্জে ডাকাতি হয়েছে। ডাকাতরা ৯ লাখ বাংলাদেশী টাকা এবং সাড়ে ৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 12:40 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মালিবাগ বাজার এলাকায় বুধবার দিনে দুপুরে একটি মানি একচেঞ্জে ডাকাতি হয়েছে। ডাকাতরা ৯ লাখ বাংলাদেশী টাকা এবং সাড়ে ৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা নিয়ে গেছে। দুপুর আড়াইটায় মালিবাগ বাজারে ৪৭৫/ই ডিআইটি রোডের 'আব্দুল্লাহ মানি একচেঞ্জে' এই ডাকাতি হয়। ৬/৭ জনের ডাকাতদল দোকানের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা টেপ দিয়ে সবার মুখ আটকে দেয় এবং হাত বেঁধে ফেলে। ডাকাতরা একটি ব্যাগে থাকা নগদ ৯ লাখ টাকা এবং সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ডলার, রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রা হাতিয়ে নেয়। তারা এক ক্রেতা এবং মালিক ও কর্মচারিসহ কয়েকজনকে ভেতরে আটকে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে যায়। জানালা দিয়ে এক কর্মচারি সহায়তা চাইলে লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। খিলগাঁও থানার উপ-পরিদর্শক আবুল হোসেন শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,ডাকাতির ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তারা পিস্তল এবং চাপাতি নিয়ে এসেছিল। উপ-পরিদর্শক বলেন, মানি একচেঞ্জ কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া পুলিশ ইতিমধ্যে ডাকাতদের গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এসআইটি/এলএইচ/এসকে/১৮৪২ঘ.