ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গরমে অতিষ্ঠ নগরবাসীর প্রতীক্ষিত বৃষ্টির দেখা মিলেছে শেষপর্যন্ত, যদিও তা সামান্য। তবে দুপুর থেকেই আকাশে ছিল মেঘের ঘনঘটা। আবহাওয়া দপ্তর স্বস্তির খবর শুনিয়ে বলেছে, মৃদু তাপপ্রবাহের আপাত অবসান হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডি, মিরপুর, শাহবাগ, গুলিস্তানসহ কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। এছাড়াও দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, ময়মনসিংহ, চাঁদপুর, ফেনী, শ্রীমঙ্গল ও সিলেটে বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
অধিদপ্তর জানায়, ভ্যাপসা গরমে ধুকতে থাকা দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া 'মৃদু' তাপপ্রবাহের আপাত অবসান হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত আবহাওয়াবিদ আয়েশা খাতুন বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবহাওয়ার বিদ্যমান পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিছু কিছু এলাকায় বৃষ্টি হয়েছে।
এর আগে মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, বৃষ্টি কম হওয়ার কারণে সারাদেশেই অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। গত কয়েক বছরের তুলনায় এ বছর ঠিক এ সময়টাতে বৃষ্টি অনেক কম হচ্ছে।'
আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুসারে গত বছরের ২৩ জুন সারাদেশে মোট বৃষ্টির পরিমাণ ছিল ৩৭৬ মিলিমিটার। সেখানে এ বছর সোমবার (২২ জুন) সিলেটে ১ মিলিমিটার এবং রংপুর ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আর কোথাও বৃষ্টি হয়নি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মুহূর্তে মৌসুমী বায়ু একেবারেই দুর্বল। যদিও সারাদেশে এর বিস্তার ঘটেছে। বিগত কয়েক বছরের তুলনায় এবারের মৌসুমী বায়ু প্রবাহ এখন পর্যন্ত খুবই দুর্বল হয়ে অবস্থান করছে।
সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রের কর্মকর্তা ও বুয়েটের অধ্যাপক ড. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩০ বছরের এ অঞ্চলের বৃষ্টিপাতের ধারা বিশ্লেষণ করে যে ফলাফল পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে, এ বছরের জুন মাসে বৃষ্টি কম হবে। তবে তা স্বাভাবিকের প্রায় কাছাকাছি থাকতে পারে। এপ্রিলেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে।
অধ্যাপক নজরুল ইসলাম জানান, তবে আগস্ট ও অক্টোবরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে।
তিনি বলেন, ২০১০ সালে স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৫ শতাংশ বৃষ্টি বেশি হতে পারে। ২০১১ ও ১২ সালেও বৃষ্টি বেশি হবে। ২০১৩ ও ২০১৪ সালে আবার কম হবে।
এ বছর মে মাসের দিকে ঘূর্ণিঝড় আয়লার প্রভাবে মৌসুমী বায়ু প্রবাহের আগাম বিস্তার ঘটে। তবে সে অনুযায়ী বৃষ্টিপাত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএম/এমআই/১৬২৪ ঘ.
bdnews24