ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালো টাকা সাদা করার প্রস্তাবের সমালোচনাকারীদের পাল্টা আক্রমণ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তার দাবি, সমালোচনাকারীদের অনেকেই অতীতে কালো টাকা সাদা করেছেন।
অর্থমন্ত্রী বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "যারা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব নিয়ে সমালোচনা করছেন, তাদের অনেকেই এর আগে বিভিন্ন সময়ে এই সুযোগ নিয়ে কালো টাকা সাদা করেছেন।
"এখন যাদের নীতি-নৈতিকতা উতলে উঠেছে, তাহলে অতীতে যখন এ সুযোগ দেওয়া হয়েছিল তখন তারা কোথায় ছিলেন?"
গত ১১ জুন সংসদে ২০০৯-১০ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তিনি আগামী ৩ বছর (২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত) কোনও প্রশ্ন ছাড়া কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন।
এর আগে বিভিন্ন সরকার টাকা সাদা করার সুযোগ দিলেও এত দীর্ঘ সময় ধরে তা কখনও দেওয়া হয়নি।
বাজেট পেশের পর থেকেই বিভিন্ন মহল থেকে টানা তিন বছর ধরে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাবের সমালোচনার ঝড় উঠেছে। এমনকি সরকারি দলের (আওয়ামীলীগ) সদস্যরাও জাতীয় সংসদে বাজেট আলোচনা এবং সংসদের বাইরে বিভিন্ন সভা-সেমিনারে সরকারের প্রস্তাবের সমালাচনা করেছেন।
এই প্রস্তাবে পরিবর্তন আনা হবে কিনা- সাংবাদিকদের প্রশ্নে মুহিত বলেন, "এটা আমার একক কোনও সিদ্ধান্তের বিষয় নয়।
"বাজেট যখন পেশ করা হয় তখন অর্থমন্ত্রীর একক মতামত প্রতিফলিত হয়। কিন্তু বাজেট পাশ হওয়ার সময় অর্থমন্ত্রীর একার কোনও সিদ্ধান্তে তা পাস হয় না।"
এ বিষয়ে মন্ত্রিসভাই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বলে মন্ত্রী জানান।
তিনি বলেন, ১৯৭৬ সাল থেকে বিভিন্ন সময়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এ ধারা গত কয়েক বছর ধরে অব্যাহত রয়েছে। তবে সুযোগ দিয়ে তেমন কালো টাকা সাদা হয়নি বলে স্বীকার করেন মুহিত।
তিনি জানান, দেশে বিনোয়োগ বাড়াতে এবার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রথমবারের মতো সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে উন্নয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতেও কালো টাকা বিনিয়োগের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার অপারেটর অব বাংলাদেশ (টিআইওবি) এবং বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এর প্রতিনিধি দল বুধবার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/এমআই/১৪০৬ ঘ.
bdnews24