মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম হেলথ করসপনডেন্ট
ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --বিদেশে সোয়াইন ফ্লু আক্রান্তহওয়া ব্যক্তির মাধ্যমে বাংলাদেশে অন্যের শরীরে ভাইরাসটির সংক্রমণের প্রথম ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. আ ফ ম রুহুল হক বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন।
এ পর্যন্ত দেশে সাত জন সোয়াইন ফ্লু রোগী সনাক্ত হলেও নিশ্চিত হলে এটি হবে এ ধরনের প্রথম ঘটনা।
আক্রান্তদের মধ্যে চারজন ঢাকায় এবং তিনজন অন্য জেলা শহরে অবস্থান করছে।
এদিকে বিশেষজ্ঞরা সতর্কতা হিসেবে জ্বর আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. আ ফ ম রুহুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ভয়ের কিছু নেই। আক্রান্তদের লক্ষণও ভয়াবহ কিছু নয়। তবে একজনের দেহে আক্রান্ত অপর একজনের দেহ থেকে ভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে।"
পরিস্থিতি মোকাবেলায় সবধরনের সতর্কতা নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
উল্লেখ্য বাংলাদেশে এ পর্যন্ত চিহ্নিত আক্রান্ত রোগীদের মধ্যে একজন ছাড়া সবাই যুক্তরাষ্ট্র থেকে আসা। তাদের দেহে ভাইরাসের সংক্রমণ সেখানেই ঘটেছিল। এই প্রথম বাংলাদেশে আক্রান্ত ব্যক্তির দেহ থেকে অন্যের মধ্যে তা ছড়ানোর খবর পাওয়া গেল।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"বাংলাদেশে এ পর্যন্ত ৭ জনের দেহে এইচ১এন১ ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তিদের দেহের নমুনা পরীক্ষা করে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।"
গত শুক্রবার বাংলাদেশে সোয়াইন ফ্লু আক্রান্ত প্রথম রোগী ধরা পড়ে। আক্রান্ত এক তরুণ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন।
আইইডিসিআর পরিচালক বলেন, "আক্রান্তদের বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সুস্থ হয়ে উঠছেন। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।"
মাহমুদুর রহমান জানান, সোয়াইন ফ্লু রোধে দেশের তিনটি বিমানবন্দর (ঢাকা, চট্টগ্রাম, সিলেট), দুটি সমুদ্রবন্দর (চট্টগ্রাম ও মংলা) এবং ১১টি স্থলবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে।
তিনি জানান, এ পর্যন্ত ৫০ জনের নমুনা পরীক্ষা করার পর সাত জনের দেহে এইচ১এন১ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
সতর্ক হওয়ার পরামর্শ
বুধবার আইইডিসিআর এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোশতাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা জনবহুল শহর। ঘনবসতি হওয়ার কারণে দ্রুত এ রোগ ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও এখান থেকে সারাদেশে ছড়াতে পারে।"
তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশনের এলাকাকে নিবিড়ভাবে ভাগ করে বাড়ি বাড়ি গিয়ে কাজ করা দরকার।
দ্রুত এ বিশেষ কার্যক্রম নেওয়া উচিত বলে মত দেন বৈজ্ঞানিক কর্মকর্তা মোশতাক হোসেন ।
বিশেষজ্ঞরা বলেছেন, উচ্চ তাপমাত্রার জ্বর ও কাশি এ রোগের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এটি ছড়ায়। যত্রতত্র কফ ও থুথু না ফেলা, বিশেষ করে হাঁচি-কাশির পর সাবান দিয়ে হাত ধোওয়া ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা।
মোস্তাক হোসেইন বলেন বাংলাদেশে এখানে যে প্রজাতির জীবাণুটি পাওয়া গিয়েছে তাতে মৃত্যুর হার বেশি নয়।"
যুক্তরাষ্ট্র ও মেক্সিকো ছাড়া অন্যান্য দেশে মৃত্যুর হার কম বলেও স্মরণ করিয়ে দেন তিনি।
মোস্তাক হোসেইন শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস-আদালতে কারও জ্বর হলে তাকে ছুটি নিয়ে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।
১১ জুন মহামারী ঘোষণা
ছড়িয়ে পড়ার ধরণের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোয়াইন ফ্লু-কে গত ১১ জুন মহামারী ঘোষণা করে।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তসংলগ্ন দেশ মেক্সিকোতে প্রথম সোয়াইন ফ্লু ধরা পড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, বিশ্বের ৭০টির বেশি দেশে সোয়াইন ফ্লু-তে আক্রান্তের সংখ্যা প্রায় ৫৬ হাজার। মারা গেছে ২শ' ৩৮ জন। শুধু মেক্সিকোতেই মারা যায় ১শ' ১৫। সেখানে আক্রান্ত হয়েছে সাত হাজার।
এদিকে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ২১ হাজার ৪শ' ৪৯ হলেও সেখানে মৃতের সংখ্যা মেক্সিকোর চেয়ে কম- ৮৭।
সোয়াইন ফ্লু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় মেক্সিকো শহরে এপ্রিল মাসে সব শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালত কয়েক দিনের জন্য বন্ধ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/এসকে/২১৫৯ঘ.
bdnews24