চাঁদপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে মঙ্গলবার রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে বিক্ষুব্ধ গ্রাহকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১২টার দিকে প্রায় ২শ' ব্যক্তি হঠাৎ পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে। তারা অফিসে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং সাইনবোর্ড ভাংচুর করে। তবে এতে কেউ হতাহত হয়নি।"
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান।
লোডশেডিংয়ের কারণেই এ ঘেরাও হয়।
গোলাম মোস্তফা জানান, তাদের ৪৮ হাজার গ্রাহক রয়েছে। চাহিদা ৯ মেগাওয়াট হলেও পাওয়া যাচ্ছে ২ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে লোডশেডিং কমছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২০০ ঘ.
bdnews24