ফরিদপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহরতলীর সিঅ্যান্ডবি ঘাট যৌনপল্লীতে মঙ্গলবার রাতে আগুনে ১৮৩টি ঘর পুড়েছে।
অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে পল্লীর বাসিন্দাদের অভিযোগ, উচ্ছেদের লক্ষ্যে পরিকল্পিতভাবে এ আগুন লাগানো হয়েছে।
রাত সাড়ে ৯টায় দিকে আগুন লাগে বলে জানিয়েছেন দমকল বাহিনীর ফরিদপুর স্টেশনের কর্মকর্তা রাজকুমার সাহা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।"
স্থানীয়দের দাবি, আগুনে ১৫ লাখ টাকার সম্পদ পুড়েছে।
দমকল কর্মকর্তা রাজকুমার বলেন, ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি।
ফরিদপুর জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, পুলিশ সুপার মীজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পল্লীর বাসিন্দারা পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ করেছেন জানিয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫৪ ঘ.
bdnews24