ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মুক্তিযোদ্ধারা।
বুধবার উপজেলার বড় বাজার এলাকায় দলের কর্মী সমাবেশ হওয়ার কথা। একই স্থানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদও সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামছুল আলম সাংবাদিকদের বলেন, "জামায়াতের কর্মী সম্মেলনে চিহ্নিত যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ঘোষণা এসেছে। আমরা এ যুদ্ধাপরাধীকে যে কোনও মূল্যে প্রতিহত করব।"
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বড় বাজার এলাকায় সকাল ১০টায় কর্মী সমাবেশ ও মুক্তিযোদ্ধা সমাবেশ আহবান করা হয়। এজন্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।"
উপজেলা সদরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
তবে উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম ফারুক জানান, তারা কর্মী সমাবেশ করার জন্য অটল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৪৪ ঘ.
bdnews24