নারায়ণগঞ্জ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবারের গাড়ি ভাংচুরের জন্য সাংসদ সারাহ বেগম কবরীর সমর্থকদের দায়ী করে বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ধর্মঘট পালন করেছে নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
ওই সময় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়তে হয় অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীদের।
দুপুর ১২টা থেকে এ রুটে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।
আওয়ামী লীগের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা যাওয়ার পথে মঙ্গলবার দুপুরে চাষাড়ায় কবরীর গাড়িবহরের ১০/১২টি বাস ভাংচুর হয়।
কবরীর অভিযোগ, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। আর বাস মালিক-শ্রমিক সংগঠনগুলোর দাবি, চাহিদা অনুযায়ী গাড়ি না দেওয়ায় কবরীর সমর্থকরাই গাড়ি ভাংচুর করে।
মঙ্গলবার রাতে বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এক বিবৃতির মাধ্যমে ধর্মঘটের ডাক দেয়। তারা বলছে, কবরীর নির্দেশেই গাড়ি ভাংচুর হয়েছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
মঙ্গলবার বিকালে জেলা বাস-মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রতিবাদ সভা করে।
সভায় ঐক্য পরিষদভুক্ত সংগঠন মিনিবাস মালিক ঐক্য জোটের সভাপতি ও আনন্দ পরিবহণের চেয়ারম্যান মুক্তার হোসেন বলেন, "তারা (কবরীর সমর্থক) আমাদের কাছ থেকে ১৩টি গাড়ি নিয়েছিল। আরও গাড়ি চাইলে পরিবহণ মালিকরা ভাড়া দাবি করেন। এতে ক্ষুব্ধ হয়ে এমপি'র লোকজন গাড়ি ভাঙচুর করে।"
চাষাড়া শহীদ মিনারে অপর একটি সমাবেশে কবরী বলেন, "একটি বিশেষ পরিবার সন্ত্রাস, হামলা, বোমাবাজি, পিস্তল দেখিয়ে নারায়ণগঞ্জ শাসন করতে চায়। তারাই আজ আমার গাড়িবহরে হামলা চালিয়েছে। আমরা এ বিশেষ পরিবারের ভয়ে ভীত নই। নারায়ণগঞ্জবাসী সন্ত্রাসী ও গডফাদারদের প্রত্যাখ্যান করেছে।"
এরপর কবরীর নেতৃত্বে নেতা-কর্মী-সমর্থকরা ঢাকার উদ্দেশে রওনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২২০ ঘ.
bdnews24