২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলা চালাতে অস্ত্র, বিস্ফোরক মজুদ করা হয়েছিল: বোমারু মিজান

বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য মজুদ করে রাখা হয়েছিল বলে জেএমবির 'বোমা বিশেষজ্ঞ' জাহিদুল ইসলাম ঢাকার একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) 'বোমা বিশেষজ্ঞ' জাহিদুল ইসলাম সুমন, মিজান ও বোমারু মিজান নামেও পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য মজুদ করে রাখা হয়েছিল বলে জেএমবির 'বোমা বিশেষজ্ঞ' জাহিদুল ইসলাম ঢাকার একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) 'বোমা বিশেষজ্ঞ' জাহিদুল ইসলাম সুমন, মিজান ও বোমারু মিজান নামেও পরিচিত। মুখ্য মহানগর আদালতের হাকিম রাশেদ কবিরের খাস কামরায় মঙ্গলবার দুপুরে ১৬৪ ধারায় মিজান জবানবন্দি দেন। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ-পরিদর্শক আরশেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জবানবন্দিতে মিজান স্বীকার করেছেন, বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য তিনি মজুদ রেখেছিলেন। মিজান স্বীকার করেন, তার নির্দেশেই স্ত্রী শারমিন আক্তার লতা র‌্যাব ও পুলিশের ওপর গ্রেনেড হামলা চালায়। জবানবন্দি নথিভূক্ত করার পর মিজানকে কারাগারে পাঠানো হয়। এর আগে মিজান মিরপুর থানায় দায়ের করা অপর দুই মামলায় একজন মহানগর হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অস্ত্র ও বিস্ফোরকের দুই মামলায় গত সোমবার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপ-পরিদর্শক মশিউর রহমান মুখ্য মহানগর আদালতে অভিযোগপত্র জমা দেন। উপ-পরিদর্শক আরশাদ হোসেন জানান, মিজানের বিরুদ্ধে সারা দেশে ১৫টি মামলা রয়েছে। গত ১৫ মে রাজধানীর মিরপুর এলাকা খেকে মিজানকে আটক করে র‌্যাব। পরে তার উত্তর পীরেরবাগের ভাড়া বাসা থেকে গ্রেনেড, অস্ত্র, গুলি ও বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর মিজানের বাসায় অভিযান চালানোর সময় তার স্ত্রী শারমিন আক্তার লতা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে ঘরের ভেতর থেকে গ্রেনেড নিক্ষেপ করেন। তবে এতে লতা ও তার দুই শিশু সন্তান আহত হয়। এ ঘটনায় মিজানের বিরুদ্ধে মিরপুর থানায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/টিআর/২১১০ ঘ.